২৬ অক্টোবর ২০২৬

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কম্বল ও মদ জব্দ

facebook twitter whatsapp

ছবি: দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কম্বল ও মদ জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের চোরাই ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ও রাতে বিজয়পুর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত পৌনে ১০টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকায় তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।

এর আগে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩১ বিজিবি।

Related Articles