প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মোংলা বন্দর পরিদর্শন উপলক্ষে বাগেরহাটের মোংলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল, পথসভা এবং বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা মিছিলটি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তারা প্রধানমন্ত্রীর মোংলা সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তাঁদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ আরও গতিশীল হবে।
মোংলা থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর এ সফর মোংলা ও উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পশুর নদীর নাব্যতা রক্ষা, বন্দরকেন্দ্রিক উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মোংলা বন্দরের উন্নয়ন ও দেশের অর্থনীতিতে এর অবদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকও বন্দরের আধুনিকায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শুভেচ্ছা মিছিল ও পথসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে মোংলা বন্দরের জেটি ও কার্যক্রম পরিদর্শন এবং বন্দরের পাশের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার বিষয় রয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, নদীর নাব্যতা, সড়ক যোগাযোগ, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়ে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।
মোংলা বন্দর বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহন সহজ করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে তা পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে মোংলায় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মন্তব্য